নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরের মনিরামপুরে রঞ্জন মণ্ডল (৬০) নামের এক ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার কুলটিয়া ইউনিয়নের হেলারঘাট এলাকার মুক্তেশ্বরী নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রঞ্জন মণ্ডল পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার কালিচরণপুর গ্রামের মৃত হরিপদ মণ্ডলের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে নিজ বাড়ি থেকে কাটাখালি বাজারের উদ্দেশে বের হয়েছিলেন রঞ্জন মণ্ডল। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে শনিবার সকালে পুলিশের মাধ্যমে নদী থেকে মরদেহ উদ্ধারের খবর পান তার স্ত্রী বিউটি মণ্ডল।
নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে অপহরণের পর নির্যাতন চালায় এবং শ্বাসরোধে হত্যা নিশ্চিত করে বস্তায় ভরে নদীতে ফেলে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে।