আন্তর্জাতিক ডেস্ক
কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি। ছবি: সংগৃহীত
দুর্নীতির অভিযোগে কর্ণাটকের এক মন্ত্রীর পদত্যাগের দুই দিনের মধ্যেই নতুন করে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির পদত্যাগের দাবি তুলেছে বিরোধী বিজেপি।
কোপ্পাল জেলার কুকনুরে এক অনুষ্ঠানে রায়ারেড্ডি ইসলামকে মহান ও মানবিক ধর্ম হিসেবে উল্লেখ করে বলেন, ইসলাম বিজ্ঞানভিত্তিক এবং মানুষকে জীবনযাপনের শিক্ষা দেয়। একপর্যায়ে তিনি মন্তব্য করেন, ‘ইসলাম অন্যান্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এর সূচনা মানবতা দিয়ে।’
তিনি বলেন, ‘যারা ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, তারা এ বিষয়ে ভুল ধারণা পোষণ করেন এবং ভ্রান্ত মতামত তৈরি করেন। আমি বলতে চাই যে, ইসলাম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এর শুরুই হয় মানবতা দিয়ে।’
রায়ারেড্ডি আরো বলেন, ‘দেখুন, কোরআনের বিষয়ে বলতে গেলে, আমি আব্রাহামিক ধর্মগুলো নিয়ে ব্যাপক পড়াশোনা করিনি। যদিও আমি ঘন ঘন মন্দির বা মঠে যাই না, আমি বিভিন্ন ধর্ম এবং ইতিহাস নিয়ে পড়াশোনা করি। সেই কারণেই আমি আব্রাহামিক ধর্মগুলো দেখি।’
তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। কর্ণাটক বিজেপির সভাপতি আর অশোক অভিযোগ করেন, রায়ারেড্ডি হিন্দু ধর্ম ও মন্দির-মঠের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন। তিনি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের কাছে রায়ারেড্ডিকে বক্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। ক্ষমা না চাইলে তাকে মন্ত্রিসভা থেকে অপসারণেরও দাবি করেন তিনি।
বিজেপি মুখপাত্র অশোক গৌড়াও রায়ারেড্ডির বক্তব্যের সমালোচনা করে বলেন, বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ না পড়ে কোনো ধর্মকে শ্রেষ্ঠ বলে মন্তব্য করা উচিত নয়।
সূত্র: এনডিটিভি