Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সন্তান বিক্রি করে আইফোন কেনার অভিযোগ, বাবা আটক

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট,২০২৬, ১২:৫৪ পিএম
সন্তান বিক্রি করে আইফোন কেনার অভিযোগ, বাবা আটক

নিজের দেড় বছরের ছেলেসন্তানকে প্রায় এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে মারুফ মুন্সি (২২) নামের এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পটুয়াখালীর দশমিনা থানা-পুলিশ। শিশুটিকেও উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, আইফোন কেনার টাকা জোগাড় করতে তিনি এ কাজ করেছিলেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রোববার রাত ১১টার দিকে মারুফকে ঢাকা থেকে দশমিনা থানায় আনা হয়। আর জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

মারুফ দশমিনা উপজেলার বড় গোপালদী গ্রামের মফিজ মুন্সির ছেলে। তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন।

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মারুফের সঙ্গে তার স্ত্রী বৃষ্টি আক্তারের পারিবারিক কলহ চলছিল। কিছুদিন আগে তারা আলাদা বসবাস শুরু করেন। এরপর শিশুটিকে তার দাদি মাহফুজা বেগম দেখাশোনা করছিলেন।

মাহফুজা বেগম বলেন, গত শনিবার সকালে শিশুটিকে ভালো জামাকাপড় পরিয়ে ঘুরতে নিয়ে যান মারুফ। সন্ধ্যা হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন। পরে তারা জানতে পারেন, ঢাকায় মারুফের সহকর্মী ইমরান হোসেনের শ্বশুর মহিবুল টাকার বিনিময়ে তার নাতিকে নিয়েছেন। মহিবুলের কোনো ছেলেসন্তান নেই।

পরিবারের দাবি, শিশুটির দাম এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ৫২ হাজার টাকা অগ্রিম নিয়ে লিখিতভাবে শিশুটিকে হস্তান্তর করা হয়।

মাহফুজা বেগমের অভিযোগ, ওই টাকা ও নিজের পুরোনো আইফোনের সঙ্গে অতিরিক্ত টাকা যোগ করে মারুফ নতুন আইফোন কিনেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে পুলিশকে জানানো হয়।

তবে সন্তান বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন মারুফ। রোববার রাতে পুলিশ হেফাজতে তিনি বলেন, স্থানীয়ভাবে তার ধারদেনা হয়েছিল। এ কারণে সহকর্মী ইমরান ও তার শ্বশুরের কাছে সন্তানকে লালন-পালনের জন্য দিয়েছেন। এ জন্য তাদের কাছ থেকে ৫২ হাজার টাকা নিয়েছেন।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালায় জানিয়ে ওসি আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ না থাকায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জটিলতা তৈরি হয়েছে। উপজেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)