Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রাশিয়ার হামলায় ইউক্রেনে এক মাসে সর্বোচ্চ বেসামরিক নাগরিক হতাহতের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ১২:০৬ পিএম
রাশিয়ার হামলায় ইউক্রেনে এক মাসে সর্বোচ্চ বেসামরিক নাগরিক হতাহতের রেকর্ড

ছবি: রয়টার্স

ইউক্রেনে রাশিয়ার চলমান হামলায় চলতি মাসে বেসামরিক প্রাণহানির সংখ্যা বিগত চার বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, এ মাসে রুশ হামলায় অন্তত ৩৭৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২,১২৯ জন আহত হয়েছেন। ফলে ২০২২ সালের এপ্রিলের পর এটিই যুদ্ধক্ষেত্রের সবচেয়ে প্রাণঘাতী মাস হিসেবে চিহ্নিত হলো।

চলতি মাসের হামলাগুলোতে প্রচুর পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা প্রতিহত করা অত্যন্ত কঠিন। ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে একাধিকবার এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কেবল গত এক সপ্তাহেই রাশিয়া প্রায় ১,৭০০টি ড্রোন, ১,৬৩০টিরও বেশি গাইডেড এরিয়াল বোম এবং ৫০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, "আমাদের অবশ্যই ব্যালিস্টিক সন্ত্রাস নিয়ে রাশিয়ার জুয়া খেলা ভেস্তে দিতে হবে।" মিত্রদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "আমাদের অংশীদারদের গুদামে না থেকে এই মুহূর্তে প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র যদি ইউক্রেনীয় ব্যবস্থায় থাকে, তবে তা সরাসরি মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে।"

জেলেনস্কির এই আকুতির মধ্যেই স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার চেরনিহিভের একটি সুপারমার্কেটে রুশ ড্রোন হামলায় ১০ বছরের এক শিশু ও এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। প্যাট্রিয়টের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইউক্রেন দীর্ঘদিন ধরেই মিত্রদের কাছে আহ্বান জানিয়ে আসছে।

অন্যদিকে, ইউক্রেনও রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। দেশটির বেশ কয়েকটি শোধনাগারে ইউক্রেনীয় হামলার মুখে রাশিয়া চলতি বছরের শেষ পর্যন্ত ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাড়াতে বাধ্য হয়েছে। তবে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী অ্যালেকজান্ডার নোভাক জানিয়েছেন, "বাজার স্বাভাবিক হলে" সরকার ডিজেল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করবে।

ওয়াশিংটনভিত্তিক ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার’ জানিয়েছে, রাশিয়া ও দখলকৃত ইউক্রেনের অনেক এলাকা এখনো জ্বালানি সংকটে ভুগছে, যদিও রুশ কর্মকর্তারা পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে বলে দাবি করছেন। এর জবাবে রাশিয়া উত্তর ইউক্রেনের জ্বালানি স্টেশন এবং কৃষ্ণসাগর ও দানিয়ুব নদীর ইউক্রেনীয় বন্দরগুলোতে আক্রমণ জোরদার করেছে।

এদিকে, টানা তৃতীয় দিনের মতো রবিবার কৃষ্ণসাগরের ওপর একটি রুশ ড্রোন গুলি করে নামিয়েছে রোমানিয়ার বিমানবাহিনী। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনটি তাদের আঞ্চলিক জলসীমার ওপর ধ্বংস করা হয়। রাশিয়ার এই বারবার আকাশসীমা লঙ্ঘন করাকে "অগ্রহণযোগ্য ও অসহনীয়" বলে তীব্র নিন্দা জানিয়েছেন রোমানিয়ার প্রেসিডেন্ট নিকোসর দান। ঘটনার জেরে বুখারেস্টে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)