আন্তর্জাতিক ডেস্ক
হামলার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয় সিয়াটল পুলিশ ছবি: রয়টার্স
আনন্দঘন এক উৎসব মুহূর্তেই পরিণত হলো মৃত্যুপুরীতে। যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে অনুষ্ঠিত একটি জনপ্রিয় খাবার উৎসবে বন্দুকধারীর অতর্কিত হামলায় অন্তত দুজনের প্রাণহানি ঘটেছে। এই ভয়াবহ ঘটনায় একটি ছোট শিশুসহ আহত হয়েছেন আরও পাঁচজন। রবিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে এই হামলাকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সময় রবিবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে সিয়াটলের আইকনিক 'স্পেস নিডল' টাওয়ার সংলগ্ন সিয়াটল সেন্টারে চলছিল জনপ্রিয় ফুড ফেস্টিভ্যাল ‘বাইট অব সিয়াটল’। উৎসবের কোলাহলের মাঝেই হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। সিয়াটল ফায়ার ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
হামলার খবর পাওয়ামাত্রই বিপুলসংখ্যক পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ তাৎক্ষণিকভাবে পুরো এলাকাটি অবরুদ্ধ করে দর্শনার্থীদের নিরাপদে সরিয়ে নেয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। বর্তমানে এ ঘটনার জোর তদন্ত চলছে। একইসাথে শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত ওই এলাকাটি সাময়িকভাবে এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে নির্দেশ দিয়েছে পুলিশ।
হারবারভিউ মেডিক্যাল সেন্টারের মুখপাত্র সুসান গ্রেগ জানিয়েছেন, তাদের হাসপাতালে চারজন আহতকে চিকিৎসার জন্য আনা হয়েছে। আহতদের মধ্যে রয়েছে একটি ছোট শিশু, ২৩ বছর বয়সী এক তরুণ এবং দুজন নারী। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন এই চারজনের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
ভয়াবহ সেই মুহূর্তের বর্ণনা দিয়েছেন উৎসবে আসা এস্তান ওয়াকোনাবো নামের এক প্রত্যক্ষদর্শী। তিনি ও তার বান্ধবী একটি ফটো বুথের সামনে অপেক্ষমাণ ছিলেন। হঠাৎ পেছন থেকে ধাক্কা খেয়ে ঘুরে তাকাতেই তিনি দেখেন এক চরম বিশৃঙ্খল পরিস্থিতি— প্রাণ বাঁচাতে দিগিবিদিক ছুটছে মানুষ।
ওয়াকোনাবো বলেন, "মানুষ কোনোমতে নিরাপদ আশ্রয়ে লুকানোর চেষ্টা করছিল। সবাই তাড়াহুড়োয় একে অপরকে ধাক্কা দিচ্ছিল, অনেকে মাটিতে পড়ে যাচ্ছিল। ভিড়ের চাপে এমনকি শিশুদের বহনকারী স্ট্রলার পর্যন্ত উল্টে যেতে দেখেছি।" এরপরই তিনি গুলির শব্দ শুনতে পান। তিনি বলেন, "আমি যখন টানা ‘পপ, পপ, পপ’ শব্দ শুনলাম, তখনই বুঝতে পারলাম কেউ গুলি চালাচ্ছে।" তাৎক্ষণিকভাবে বান্ধবীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে তিনি যখন আবার ঘটনাস্থলে ফিরে আসেন, তখন বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে থাকতে দেখেন।
প্রসঙ্গত, ১৯৮২ সালে যাত্রা শুরু করা ‘বাইট অব সিয়াটল’ এই শহরের অন্যতম বৃহৎ এবং ঐতিহ্যবাহী একটি খাবার উৎসব। আয়োজকদের তথ্যমতে, তিন দিনব্যাপী আয়োজিত এই মেলায় প্রতি বছর প্রায় সাড়ে তিন লাখ দর্শনার্থীর সমাগম ঘটে, যারা বিভিন্ন ধরনের খাবার, পানীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে আসেন। তবে এবারের উৎসবটি শেষ হলো এক অনাকাঙ্ক্ষিত রক্তপাত আর গভীর শোকের মধ্য দিয়ে।