আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। শুক্রবার বেলুচিস্তানের শেরানি জেলা থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে প্রবেশের পরপরই দুর্ঘটনাটি ঘটে।
বেলুচিস্তান সরকারের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিকবিষয়ক সহকারী শাহিদ রিন্দ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বাস দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আটজন।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া—উভয় প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী দল এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে উদ্ধার তৎপরতা পরিচালনা করছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
শেরানি জেলার ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার জানান, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে পথে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের কয়েকজন যাত্রী এতে ওঠেন। ফলে দুর্ঘটনার সময় বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা নিয়ে শুরুতে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়।
এদিকে খাইবার পাখতুনখাওয়ার জরুরি সেবা সংস্থা ‘রেসকিউ ১১২২’ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার খবর পাওয়ার পর ঝোব জরুরি সেবা বিভাগ ও রেসকিউ ১১২২-এর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহত আটজনকে ঝোব জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ প্রথমে নিকটবর্তী একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলেও পরে সেগুলো ঝোব জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।
এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক এক বার্তায় বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান। তিনি উদ্ধার কার্যক্রম আরও জোরদার করা, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, এই কঠিন সময়ে বেলুচিস্তান সরকার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সূত্র: ডন