ধ্রুব নিউজ ডেস্ক
রণধীর জয়সওয়াল ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করেছেন যে, আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের জন্য যেকোনো ব্যক্তির বৈধ ভ্রমণ নথি (পাসপোর্ট) থাকা আবশ্যক।
সম্প্রতি দিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মুখপাত্র।
ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযানের আদেশের অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তবে ভারত থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব অভিযোগ ভিত্তিহীন বলে অস্বীকার করেন এবং আন্তর্জাতিক আদালতে আইনি লড়াইয়ের কথা জানান। পরবর্তীতে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। এর ধারাবাহিকতায় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন জানান শেখ হাসিনার আইনি প্রতিনিধিরা।
বিষয়টি নিয়ে ব্রিফিংয়ে বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা প্রশ্ন তুললে রণধীর জয়সওয়াল জানান, প্রত্যর্পণের কারিগরি ও আইনি দিকগুলো বিস্তারিত পর্যালোচনা করে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হস্তান্তরের যে দাবি করা হচ্ছে, সে বিষয়েও আইন মেনে ব্যবস্থা নেওয়ার কথা তুলে ধরে ভারত।
ব্রিফিংয়ে গঙ্গার পানিবণ্টন চুক্তি ও অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে ভারতের আগের অবস্থানই পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি বিএনপি নেতা তারেক রহমানের ভারত সফর কিংবা সংশ্লিষ্ট আলোচনার বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে নিশ্চিত করা হয়।
অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনের কতিপয় ব্লগারের অপপ্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রণধীর জয়সওয়াল। ঢাকার কিছু অবহেলিত এলাকার ভিডিও চিত্র ধারণ করে সেগুলোকে দিল্লির দৃশ্য বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টাকে দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারকারীরা নিজেদের ভাবমূর্তি ও নির্ভরযোগ্যতাই ক্ষুণ্ন করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।