ধ্রুব নিউজ ডেস্ক
প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব ছবি: সংগৃহীত
অবৈধভাবে বসবাস এবং বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে মাত্র এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব প্রশাসন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে দেশজুড়ে যৌথ অভিযান চালিয়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের মোট ১১ হাজার ৫৮৭টি সুনির্দিষ্ট ঘটনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে শুধু আবাসন আইন ভঙ্গের ঘটনা রয়েছে ৬ হাজার ৪৩টি। এছাড়া সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ৩ হাজার ১৯১টি এবং শ্রম আইন লঙ্ঘনের ২ হাজার ৩৫৩টি ঘটনা রেকর্ড করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী জানায়, অবৈধ উপায়ে সৌদি আরব সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৭৮ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি, অবৈধ পথে দেশ ত্যাগের চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়েছে আরও ১৮ জনকে। এছাড়া, আইন অমান্যকারীদের যাতায়াত, লুকিয়ে থাকা বা আশ্রয়ের ব্যবস্থা করা কিংবা কাজে নিয়োজিত রাখার অভিযোগে জড়িত থাকার দায়ে ২৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বর্তমানে সৌদিতে আটক থাকা ৪১ হাজার ১০৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই মোট সংখ্যার মধ্যে ৩৮ হাজার পরিসংখ্যান অনুযায়ী পুরুষ এবং ২ হাজার ২৯৩ জন নারী রয়েছেন।
আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। এছাড়া ৯ হাজার ১৩৯ জনকে অতিসত্বর সৌদি আরব ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এবং এরই মধ্যে ৯ হাজার ৫৮৯ জনকে সফলভাবে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
অবৈধ অভিবাসন ও অনুপ্রবেশ রুখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কোনো ব্যক্তি বা পক্ষ যদি অবৈধ অনুপ্রবেশে সহায়তা করে, বাহন সরবরাহ করে, কিংবা অবৈধ প্রবাসীদের আশ্রয় বা অন্য কোনো ধরনের সহযোগিতা দেয়, তবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে। পাশাপাশি, এই ধরনের অপরাধে ব্যবহৃত যেকোনো যানবাহন ও সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।