ঝিকরগাছা প্রতিনিধি
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর সড়ক দুর্ঘটনায় আহত ছবি: ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও ৬ নম্বর ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল আলীম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
রবিবার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে তিনি নিজ বাড়ি থেকে টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন। পথে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর তিনি বাড়িতে ফিরে যান। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় বিশ্রামে থেকে চিকিৎসা নিচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় তাঁর ডান পায়ের উরুর উপরের অংশে গভীর জখম হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাতটি মাংসপেশিতে লাগলেও সৌভাগ্যক্রমে কোনো হাড় ভাঙেনি এবং স্নায়ুতেও ক্ষতি হয়নি।
এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ বলেন, সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে কিছুটা সামনে পৌঁছালে ভ্যান এসে পিছনদিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আলহামদুলিল্লাহ, তিনি এখন ভালো আছেন। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে আছেন। চিকিৎসকদের মতে, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।"
দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
পরিবার জানিয়েছে, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।