নিজস্ব প্রতিবেদক
হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণি, আউটসোর্সিং এবং স্বেচ্ছাসেবক ২২৫ জন কর্মচারীর হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় ছবি: ধ্রুব নিউজ
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণি, আউটসোর্সিং এবং স্বেচ্ছাসেবক কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) যশোর জেলা শাখা। রোববার (১৫ মার্চ) দুপুরে হাসপাতালের তৃতীয় তলার সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে মোট ২২৫ জন কর্মচারীর হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এনডিএফ যশোর জেলা শাখার সভাপতি ডা. মো. শের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ-এর শহর শাখার সভাপতি ডা. মো. আনিছুর রহমান, জামায়াতে ইসলামীর পেশাজীবী শাখা সেক্রেটারি মো. আবু ফয়সাল, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আ.ন.ম বজলুর রহমান টুলু, ডা. মনিরুজ্জামান এবং ডা. মাহফুজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, উৎসবের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতেই এই ক্ষুদ্র প্রয়াস। হাসপাতালের সেবা কার্যক্রম সচল রাখতে মাঠ পর্যায়ের এসব কর্মচারীদের ভূমিকা অপরিসীম, তাই তাদের মুখে হাসি ফোটানো আমাদের নৈতিক দায়িত্ব। উপহার বিতরণ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।