Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সীমান্তের কাঁটাতার পেরিয়ে শৈশবের ঘরে ফেরা: ২৮ শিশুর চোখে মুখে এখন প্রশান্তি

রমজান আলী, বেনাপোল রমজান আলী, বেনাপোল
প্রকাশ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:২১ পিএম
সীমান্তের কাঁটাতার পেরিয়ে শৈশবের ঘরে ফেরা: ২৮ শিশুর চোখে মুখে এখন প্রশান্তি

সীমান্তের জিরো পয়েন্ট বা শূন্যরেখা। একদিকে অনিশ্চয়তা আর বন্দিজীবনের অন্ধকার, অন্যদিকে প্রিয়জনদের কোল আর স্বদেশের মাটি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্টের এই শূন্যরেখায় রচিত হলো এক আবেগঘন মুহূর্ত। ভারতের বিভিন্ন শেল্টার হোমে দীর্ঘ অপেক্ষার পর স্বজনদের কোলে ফিরে এলো পাচার হওয়া ২৮ বাংলাদেশি শিশু-কিশোর।

মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিট। হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে ভারতীয় কর্তৃপক্ষ এসব শিশু-কিশোরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে। কলকাতা বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং এফআরআরও কলকাতার ‘লিভ ইন্ডিয়া নোটিশ’-এর ভিত্তিতে এই হস্তান্তর সম্পন্ন হয়।

ফিরে আসা ২৮জনের  মধ্যে ছিল কুড়িগ্রামের অর্জিনা, হাওয়া মনি, সোমা খাতুন, আব্দুল মোতালেব, রাহুল ও নূর নবী; রংপুরের চয়ন চন্দ্র রায়, গোভির চন্দ্র রায় ও বন্ধন চন্দ্র রায়; পিরোজপুরের সাব্বির তালুকদার; সাতক্ষীরার তামিম হোসেন ও আলামিন বিশ্বাস; যশোরের হোসিফা হাসান, মোসাদ হাসান ও সাবনুর খাতুন; বাগেরহাটের হৃদয় মন্ডল, ওসমান মোড়ল ও তানজিলা আক্তার; নড়াইলের রাকিবুল মোল্লা, রিহান মন্ডল ও আব্দুল আলী মুন্সী; নাটোরের নাজনিন নাহার তিথি; কুমিল্লার আয়েশা আক্তার; খুলনার জয় দাস, পুষ্পিতা দাস ও নাহিদ হাসান; এবং ময়মনসিংহের রাসেল মিয়া।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি রেখা বিশ্বাস জানান, এই শিশু-কিশোররা বিভিন্ন সময়ে দালালচক্রের প্রলোভনে পড়ে ভারতে পাচার হয়েছিল। সেখানে সেদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ার পর তাদের দীর্ঘ সময় বিভিন্ন শেল্টার হোমে কাটাতে হয়। দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে অবশেষে তাদের নিজ ভূমিতে ফেরার পথ প্রশস্ত হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, নিয়মিত সমন্বয় প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজনীয় সব কাগজপত্র যাচাই করে আমরা তাদের গ্রহণ করেছি।

ফেরত আসা এই শিশুদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে স্থানীয় তিনটি মানবাধিকার সংগঠন। জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, তাঁদের সংগঠন ১০ জন, রাইটস যশোর ১০ জন এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ৮ জনকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষেই তাদের পরিবারের কাছে পাঠানো হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)