রফিক মন্ডল
ড. আব্দুর রহমান ও তার বই ছবি: ধ্রুব নিউজ
ড. মোহাম্মদ আবদুর রহমান, বিশ্বখ্যাত রসায়নবিদ। বহু বছর পর সুদূর আমেরিকা থেকে ফিরেছেন নিজের জন্মভূমি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুরে। এই দীর্ঘ প্রবাসজীবন পেরিয়ে জন্মভূমির মাটিতে এখন কাটাচ্ছেন চমৎকার সব মুহূর্ত। আর এই ফিরে আসাকে আরও অর্থবহ ও স্মরণীয় করে তুলতে তিনি সঙ্গে নিয়ে এসেছেন নিজের জীবনের দুর্লভ অভিজ্ঞতা দিয়ে লেখা একটি বই—‘এক গ্রামের ছেলের কেমিস্ট হওয়ার গল্প’। বইটির প্রচ্ছদ উল্টালেই উন্মোচিত হয় এক সাধারণ গ্রামীণ তরুণের সুদূর আমেরিকা পর্যন্ত পৌঁছে যাওয়ার সুদীর্ঘ ও বাস্তব পথচলার ইতিহাস। আসলে এই বইটি কেবল কোনো গ্রন্থ নয়, এটি তার সংগ্রামী জীবনের দলিল।
ছোটবেলায় এই মানুষটিকেই এলাকার সবাই ভালোবেসে ডাকত ‘আব্দার’ নামে। কাশিপুরের ধুলোমাখা মেঠোপথে হেঁটে বেড়ানো সেই কিশোরটির প্রখর মেধা নিয়ে তখন থেকেই চারপাশের মানুষের মুখে মুখে কত না কথা ফিরত! কে জানত, পাড়ার মানুষের সেই স্নেহের ‘আব্দার’ একদিন সময়ের স্রোত পেরিয়ে পাড়ি জমাবেন আমেরিকার আধুনিক গবেষণাগারে, অর্জন করবেন বিশ্বমানের বিজ্ঞানীর স্বীকৃতি। সম্প্রতি জন্মভূমিতে এসে স্বজন ও শুভানুধ্যায়ীদের আন্তরিক আড্ডায় তিনি যখন নিজের লেখা আত্মজীবনীমূলক বইটি সবার হাতে তুলে দিলেন, তখন যেন সবার সামনে উন্মোচিত হলো এক অনন্য জীবনগাথা—যেখানে লেখা আছে হার না মানার এক অদম্য গল্প।
বইটির পাতা উল্টালেই পাঠকের চোখের সামনে একে একে ভেসে ওঠে তাঁর জীবনের দারুণ সব সংগ্রামের সিঁড়ি বেয়ে ওঠার ইতিহাস। সেই ষাটের দশকের প্রেক্ষাপট। শিক্ষার সুযোগ সীমিত থাকলেও অদম্য জেদ আর পড়াশোনার প্রতি গভীর অনুরাগ তাঁকে পিছু হটতে দেয়নি। তিনি ১৯৬৪ সালে কোটচাঁদপুর হাইস্কুল থেকে প্রথম বিভাগে সফলতার সাথে এসএসসি পাস করেন। এরপর ১৯৬৬ সালে যশোরের সরকারি এম এম কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পর্ব শেষ করে সোজা চলে যান রাজধানী ঢাকায়। ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। সে যুগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এবং সেখানে নিজের মেধার স্বাক্ষর রাখা চাট্টিখানি কথা ছিল না। তিনি শুধু ভর্তিই হননি, বরং রসায়ন বিভাগে অধ্যয়নকালে অনার্সে দ্বিতীয় শ্রেণি এবং মাস্টার্সে প্রথম শ্রেণি অর্জন করে মেধাতালিকায় অধিকার করেন অত্যন্ত মর্যাদাপূর্ণ তৃতীয় স্থান।
প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করে তিনি কর্মজীবন শুরু করেন শিক্ষকতার মতো মহান পেশার মাধ্যমে। প্রথমে একটি কলেজে পড়ানো শুরু করেন, এরপর একে একে যুক্ত হন দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষকতায়। তরুণ প্রজন্মের সামনে বিজ্ঞানকে সহজ ও আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে তাঁর এই শিক্ষকতার ভূমিকা ছিল অনন্য। কিন্তু জ্ঞানার্জনের আদি অন্তহীন তৃষ্ণা তো সহজে মেটে না। মনের ভেতর তখনো বিজ্ঞান নিয়ে অন্যরকম এক গভীর গবেষণা ও সাধনার নেশা কাজ করছিল! তাই দেশ ছাপিয়ে তিনি পাড়ি জমান সীমানার বাইরে। কানাডার লেকহেড বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন মাস্টার্স বা এমএসসি ডিগ্রি। তবে তাঁর এই জ্ঞানপিপাসা এখানেই থেমে থাকেনি। এরপর তিনি সোজা পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে কঠোর পরিশ্রম ও মেধার জোরে ১৯৮৫ সালে আমেরিকার মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড থেকে অর্জন করেন কাঙ্ক্ষিত পিএইচডি ডিগ্রি।
ড. আবদুর রহমানের মেধার পথচলা কেবল ডিগ্রির গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল না। পিএইচডি অর্জনের পর তিনি আমেরিকার বিখ্যাত ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে অত্যন্ত প্রতিযোগিতামূলক পোস্টডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন। এরপর মার্কিন মুল্লুকের একের পর এক খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে গবেষক ও বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন সুদীর্ঘ সময় ধরে। রসায়নবিজ্ঞানের জটিল সব সমীকরণ ভেদ করে এবং মৌলিক গবেষণার মাধ্যমে তিনি কেবল নিজের নামই উজ্জ্বল করেননি, বরং তাঁর এই কাজের হাত ধরেই সুদূর আমেরিকার মাটিতে উচ্চারিত হয়েছে ছোট্ট জনপদ এই কোটচাঁদপুরের নাম। বিশ্বমঞ্চে তিনি আজ এক গর্বিত নাম, যিনি বিজ্ঞানসাধনায় নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেছেন।
তবে এই বইটির সবচেয়ে বড় সৌন্দর্য বা বিশেষত্ব হলো, এর ভেতরে উঠে এসেছে কোটচাঁদপুরের পুরোনো দিনের ইতিহাস, সেকালের শিক্ষা-সংস্কৃতি, গ্রামবাংলার চেনা সমাজব্যবস্থা আর আমাদের দেশের নানা ঐতিহাসিক ঘটনা। একটি শিশু বা কিশোর যখন বড় হয়, তখন তার পরিবার, তার গ্রাম, তার চারপাশের পরিবেশ, তার স্কুল এবং শিক্ষকরা তাকে কীভাবে তিল তিল করে আজকের মানুষ হিসেবে গড়ে তোলে—তার এক স্পষ্ট ও দর্পণতুল্য চিত্র দেখতে পাওয়া যায় এই বইয়ের প্রতিটি অধ্যায়ে। প্রবীণ এই বিজ্ঞানী তাঁর আত্মজীবনীতে শৈশবের কোটচাঁদপুরকে যেভাবে লালন করেছেন, তা যে কাউকে নস্টালজিক করে তোলে।
এত বিখ্যাত হলেও তার কথার মধ্যে আছে সরলতা,প্রজ্ঞা, বিনয় এবং নিজের শিকড়ের প্রতি অকৃত্রিম টান। তিনি সবার সাথে এমনভাবে কথা বলছেন যেন বহু যুগের চেনা । আপন আত্মীয়। গ্রামের মানুষের সাথে মিশছেন মন উজাড় করে। জানতে চাচ্ছেন পরিচয়, নিজেও স্মৃতি হাতড়ে যা পাচ্ছেন তাই বলছেন কোটচাঁদপুরবাসীর কাছে।
কাশিপুরের সেই ছোট্ট ‘আব্দার’ আজ আর শুধু একটা নাম নন, তিনি গোটা কোটচাঁদপুরের অহংকার ও আলোর দিশারি। নিজের লেখা এই আত্মজীবনীতে তিনি যে সংগ্রামের ইতিহাস ও অভিজ্ঞতার নির্যাস রেখে গেছেন, তা যুগের পর যুগ আমাদের তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন সত্যি করতে বুক বেঁধে লড়তে সাহস ও অনুপ্রেরণা জোগাবে। জন্মভিটায় তার পর্দাপন এই জনপদকে করবে উজ্জ্বল।