ধ্রুব ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের বেশ কিছু অঞ্চলে গতকাল শুক্রবার ভারী বৃষ্টির সঙ্গে বয়ে যায় ঝোড়ো হাওয়া। তাই দাপট কমেছে টানা ১০-১৫ দিনের তাপপ্রবাহের। কমে গরম। নেমে আসে স্বস্তি।
দেশের ৫১টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ২৮টি থেকে গতকাল বৃষ্টি হওয়ার তথ্য এসেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নরসিংদীতে ৪৯ মিলিমিটার।
বৃষ্টির ফলে তাপপ্রবাহের দাপটও প্রায় কমে গেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৬ দশমিক ৩ডিগ্রি সেলসিয়াস।
আজ শনিবারও বৃষ্টি নিয়ে সুখবর এসেছে আবহাওয়ার পূর্বাভাসে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।