ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা
যশোর-বেনাপোল মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ ভাবে মাটি বহনকারী ট্রাক্টরের বেপরোয়া চলাচল লক্ষ্য করা যায়। ছবি: ধ্রুব নিউজ
ঝিকরগাছায় প্রশাসনের চোখ এড়িয়ে দিনে-দুপুরে মহাসড়কে অবাধে চলাচল করছে অবৈধ ভাবে মাটি বহনকারী ট্রাক্টর। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সড়ক নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।
শনিবার (২৮ মার্চ) বেলা বাড়ার সাথে সাথে যশোর-বেনাপোল মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ ভাবে মাটি বহনকারী ট্রাক্টরের বেপরোয়া চলাচল লক্ষ্য করা যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এ ধরনের অবৈধ কার্যক্রম চলছে তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি।
স্থানীয়দের দাবি, অবৈধভাবে মাটি কেটে তা পরিবহনের ফলে একদিকে যেমন সড়কের ক্ষতি হচ্ছে, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ঝিকরগাছা বাজারের মতো ব্যস্ততম এলাকায় কিছুক্ষণ পরপর এমন দৃশ্য দেখা যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক বাঁকড়া থেকে ঝিকরগাছা বাজারে আসা এক স্কুল শিক্ষক বলেন, বাঁকড়া বাজারসহ আশপাশের এলাকায় প্রায় প্রতিদিনই এমন দৃশ্য দেখা যায়। প্রশাসন যদি কঠোর না হয়, তাহলে এসব বন্ধ করা সম্ভব নয়। অতীতে মাটির গাড়ির সঙ্গে দুর্ঘটনায় শিশুসহ একাধিক হতাহতের ঘটনাও ঘটেছে।
তিনি আরও বলেন, ঝিকরগাছা বাজারের মতো গুরুত্বপূর্ণ স্থানে এভাবে অবৈধ ভাবে মাটি বহনকারী ট্রাক্টরের বেপরোয়া চলাচল করা মানে প্রশাসনকে প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলি দেখানো।”
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, “দিনের বেলায় এমন ঘটনা আমাদের জানা ছিল না। বিষয়টি এখনই খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন বলেন, এ বিষয়ে আমার জানা ছিল না। যেসব মাটির গাড়ি চলাচল করছে, তা অননুমোদিত। অনুমতি ছাড়া কোনো মাটির গাড়ি চলাচল করার সুযোগ নেই। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে জানানো হয়েছে।
ধ্রুব/এস.আই