নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
সন্ধ্যা নামতেই যশোর শহরের নাজির শংকরপুর ছোটনের মোড় এলাকার বাতাসে ভাসতে শুরু করে সুমধুর নাশিদ আর কাওয়ালির সুর। উপলক্ষটি ছিল যেন প্রাণের মেলা। বার্ষিক ক্লাস সমাপনী, পবিত্র সিরাতুন্নবী (সা.) এবং সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এক বর্ণাঢ্য মিলনমেলা।
শুক্রবার যশোর ল্যাবরেটরি স্কুল ক্যাম্পাসে আয়োজিত এই ‘মিলনমেলা ও কাওয়ালি সন্ধ্যা’ পরিণত হয়েছিল এক আবেগঘন ও উৎসবমুখর প্রাঙ্গণে। দীর্ঘদিন পর প্রিয় বিদ্যালয়ের চেনা আঙিনায় পা রেখে সাবেক শিক্ষার্থীরা ফিরে গিয়েছিলেন তাদের শৈশব-কৈশোরের সোনালি দিনগুলোতে। পুরোনো সহপাঠী আর প্রিয় শিক্ষকদের কাছে পেয়ে জমে ওঠে আড্ডা, চলে স্মৃতিচারণ ও কুশল বিনিময়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ইসলামি সংগীত ও কাওয়ালি পরিবেশনা। মঞ্চে নাশিদ ও ইসলামি সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন খ্যাতিমান নাশিদ শিল্পী এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক অ্যাডভোকেট রোকনুজ্জামান। প্রিয় শিক্ষকের কণ্ঠে সুরের মূর্ছনা উপস্থিত সবার মাঝে এক অন্যরকম আবেগের সৃষ্টি করে।
আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে যশোরের দুটি পরিচিত সাংস্কৃতিক সংগঠন ‘তরঙ্গ শিল্পী গোষ্ঠী’ এবং ‘তারার মেলা শিল্পী গোষ্ঠী’র শিল্পীরা। তাদের দলীয় ও একক পরিবেশনায় কাওয়ালি এবং হামদ-নাতের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সন্ধ্যাটি কেবল একটি আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি; বরং তা হয়ে উঠেছিল প্রজন্ম থেকে প্রজন্মে ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য সেতুবন্ধন।