Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাজার থেকে ৩৭ পণ্য প্রত্যাহার

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ১২:০১ পিএম
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ১২:১৪ পিএম
বাজার থেকে ৩৭ পণ্য প্রত্যাহার

ছবি: সংগৃহীত

ভোজ্যতেল, পাউরুটি, কেক, গুড়, চানাচুর, আচার, কেওড়াজল, গোলাপজল, শিশুখাদ্য, সেমাই, চকলেট, পানীয় ও গুঁড়া দুধে ক্ষতিকর উপাদান

বাজারে প্রচলিত বিপুল পরিমাণ খাদ্যপণ্যের নমুনা পরীক্ষায় এক-চতুর্থাংশের বেশিতে ক্ষতিকর ও অতিরিক্ত মাত্রার উপাদান মিলেছে। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে ভোজ্যতেল, শিশুখাদ্য, গুঁড়া দুধ, পাউরুটি ও কেকসহ ৩৭টি ঝুঁকিপূর্ণ পণ্য বাজার থেকে প্রত্যাহারের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য জানানো হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত তিন ধরনের পরীক্ষাগারে ২৫ হাজার ৫২১টি খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ হাজার ৯২৮টি নমুনায় নির্ধারিত মাত্রার ব্যত্যয় পাওয়া গেছে। অর্থাৎ পরীক্ষিত নমুনার প্রায় ২৭ শতাংশেই অনিয়ম ধরা পড়েছে।

এত বিপুলসংখ্যক নমুনায় অনিয়ম পাওয়ার পরও মাত্র ৩৭টি পণ্য প্রত্যাহারের কারণ জানতে চাইলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, সব অনিয়মের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয় না। খাদ্যে দূষণের মাত্রা, পণ্যটি কত মানুষ ব্যবহার করেন এবং কোন শ্রেণির মানুষের জন্য তৈরি, সেসব বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়।

শফিকুল ইসলামের ব্যাখ্যা অনুযায়ী, শিশু ও বয়স্কদের খাবারের ক্ষেত্রে ঝুঁকির বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হয়। কোনো পণ্য সারাদেশে বিক্রি হলে তার সম্ভাব্য প্রভাবও বেশি। অন্যদিকে স্থানীয়ভাবে সীমিত পরিমাণে বিক্রি হওয়া পণ্যের ক্ষেত্রে ঝুঁকি বিবেচনার ধরন আলাদা হতে পারে।

তিনি বলেন, ‘এসব বিষয় বিবেচনায় কোনো পণ্য বাজার থেকে প্রত্যাহার, কোনোটি ধ্বংস, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক কিংবা জরিমানা করা হয়। গুরুতর অপরাধের ক্ষেত্রে নিয়মিত মামলাও করা হয়।’

পণ্য প্রত্যাহার কীভাবে

বাজার থেকে পণ্য প্রত্যাহারের প্রক্রিয়া কী, এমন প্রশ্নে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘একটি কোম্পানির একই পণ্য বিভিন্ন সময়ে আলাদা ব্যাচে উৎপাদিত হয়। পরীক্ষায় সমস্যা পাওয়া গেলে পুরো ব্র্যান্ডের সব পণ্য নয়, নির্দিষ্ট ব্যাচ চিহ্নিত করে তা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।’

তিনি জানান, প্রথমে সংশ্লিষ্ট কোম্পানিকে চিঠি দেওয়া হয়। এরপর মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে নির্দেশনার অনুলিপি পাঠানো হয়, যাতে কর্মকর্তারা বাজার থেকে পণ্য সরিয়ে নেওয়ার বিষয়টি তদারক করতে পারেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাঠপর্যায়ে ৭২টি কার্যালয় রয়েছে জানিয়ে চেয়ারম্যান শফিকুল বলেন, ‘এসব কার্যালয়ের মাধ্যমে প্রত্যাহারের নির্দেশ বাস্তবায়ন পর্যবেক্ষণ করা হয়। কিছু ক্ষেত্রে পণ্য ধ্বংসও করা হয়।’

প্রত্যাহারের তথ্য প্রকাশের বিষয়ে চেয়ারম্যান বলেন, ‘অনেক সময় আমরা এগুলো আমাদের ওয়েবসাইটে দিয়ে দেই।’

খাদ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে ৩৭টি পণ্যের মধ্যে ভোজ্যতেল, পাউরুটি, কেক, গুড়, চানাচুর, আচার, কেওড়াজল, গোলাপজল, শিশুখাদ্য, সেমাই, চকলেট, পানীয় ও গুঁড়া দুধের কথা বলা হয়েছে।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৪৩ ধারা অনুযায়ী, কোনো খাদ্য উৎপাদনকারী বা বিক্রেতার কাছে তার পণ্য নিম্নমানের কিংবা ক্ষতিকর উপাদানযুক্ত বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ থাকলে তা জনসাধারণকে জানিয়ে বাজার থেকে প্রত্যাহারের ব্যবস্থা নিতে হবে। বিষয়টি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকেও জানাতে হবে।

একই ধারায় কর্তৃপক্ষকে ঝুঁকিপূর্ণ খাদ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।

কোন পরীক্ষায় কত অনিয়ম

খাদ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সরকার স্বীকৃত পরীক্ষাগারে ১ হাজার ৬১৭টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৯৯টি নমুনা অনুমোদিত মাত্রার মধ্যে এবং ৬১৮টি নির্ধারিত মাত্রার বাইরে পাওয়া গেছে। এসব পরীক্ষাগারে নমুনার ৩৮ দশমিক ২ শতাংশে অনিয়ম পাওয়া যায়।

একই সময়ে মোবাইল ল্যাব বা ভ্রাম্যমাণ পরীক্ষাগারে ৯ হাজার ৬৭৯টি নমুনা পরীক্ষা করে ৯০১টিতে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি উপাদান পাওয়া গেছে। এ ক্ষেত্রে অনিয়মের হার ৯ দশমিক ৩ শতাংশ।

অন্যদিকে মিনি ল্যাব বা ছোট পরীক্ষাগারে ১৪ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করে ৫ হাজার ৪০৯টি নির্ধারিত মাত্রার বাইরে পাওয়া গেছে। এ হার প্রায় ৩৮ শতাংশ।

বাজারের বিপুলসংখ্যক খাদ্যপণ্য পরীক্ষার আওতার বাইরে থেকে যাওয়ার বিষয়ে জানতে চাইলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল ইসলাম সীমাবদ্ধতার কথা স্বীকার করেন।

তিনি বলেন, দেশে হাজার হাজার ধরনের খাদ্যপণ্য রয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাশাপাশি বিএসটিআই, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোও নিজ নিজ আওতায় খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করে থাকে।’

নয় মাসে ১৪৩ অভিযান, জরিমানা প্রায় দুই কোটি টাকা

প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত খাদ্য উৎপাদনকারী কারখানায় ১৪৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসব অভিযানে ১৩৭টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে ১ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকা। কারাদণ্ড দেওয়া হয়েছে সাতজনকে।

নির্ধারিত মাত্রার বাইরে পাওয়া খাদ্যের নমুনা জব্দ ও ধ্বংস করার পাশাপাশি সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ও রেস্তোরাঁগুলোকে সতর্ক করে নোটিশ দেওয়া হচ্ছে।

ফলমূল ও খাদ্যপণ্যে কীটনাশক এবং রাসায়নিকের অবশিষ্টাংশ নিয়ন্ত্রণে অন্য সরকারি সংস্থাগুলোর সঙ্গে যৌথ অভিযানও চালাচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

এসব সংস্থার মধ্যে রয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বিএসটিআই ও সিটি করপোরেশন।

শিশুখাদ্য ও দুধে রাসায়নিক মেশানোর অভিযোগ

গত ১৫ অক্টোবর সংসদীয় কমিটির প্রথম বৈঠকেও শিশুখাদ্য, দুধ ও অন্যান্য খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিক মেশানোর অভিযোগ নিয়ে আলোচনা হয়।

ওই বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবু তালেব মন্ডল পাবনার বাঘাবাড়ী, সাঁথিয়া ও শাহজাদপুরসহ বিভিন্ন এলাকায় শিশুখাদ্য ও দুধে ক্ষতিকর রাসায়নিক মেশানোর অভিযোগ তোলেন।

কমিটির আরেক সদস্য, জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগম বাজারে অভিযানের পাশাপাশি খাদ্য উৎপাদনের উৎসে নজরদারি বাড়ানোর সুপারিশ করেন। ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের ওপরও গুরুত্ব দেন তিনি।

ওই বৈঠকে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষার সক্ষমতা বাড়াতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় তিনটি বড় পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জের স্থাপন এবং ভ্রাম্যমাণ পরীক্ষাগারের গাড়ি চালুর উদ্যোগের কথা জানান তিনি।

ভবিষ্যতে আমদানি করা খাদ্যপণ্য দেশের বাজারে প্রবেশের আগে বাধ্যতামূলক পরীক্ষা ও ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খাদ্য প্রতিমন্ত্রী।

‘মৃত্যুদণ্ডের জন্য আইন সংশোধনের প্রয়োজন’

মঙ্গলবার সংসদীয় কমিটির দ্বিতীয় বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা খাদ্যে ভেজাল রোধে বিদ্যমান আইন আরও কঠোর করার পাশাপাশি প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথা বলেন।

এ বিষয়ে জানতে চাইলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর অধীনে অপরাধের জন্য সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। এর চেয়ে বেশি শাস্তি দিতে হলে আইন সংশোধন করতে হবে।’

তিনি বলেন, ‘এই আইনে পাঁচ বছরের বেশি কারাদণ্ড দেওয়া যায় না।’

চেয়ারম্যানের ভাষ্য, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কোনো অপরাধের ক্ষেত্রে আরও কঠোর শাস্তির প্রয়োজন হতে পারে। মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করতে হলে নতুন ধারা সংযোজন করতে হবে। বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

তবে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫গ ধারায় খাদ্য বা পানীয় এমনভাবে ভেজাল করার জন্য মৃত্যুদণ্ডের বিধান আগে থেকেই রয়েছে, যাতে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে পড়ে এবং বিক্রির উদ্দেশ্যে ভেজাল করা হয়।

একই ধারায় ক্ষতিকর জেনেও এ ধরনের খাদ্য বিক্রির ক্ষেত্রে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।

বিশেষ ক্ষমতা আইনে কঠোর শাস্তির বিধান থাকার বিষয়টি উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, ‘নিরাপদ খাদ্য আইনে মৃত্যুদণ্ডের মতো শাস্তি যুক্ত করতে হলে বিচারিক ক্ষমতার বিষয়টিও বিবেচনা করতে হবে।’

তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন। খাদ্য আদালতের বিচারকদেরও সাজা দেওয়ার ক্ষমতার সীমা রয়েছে।’

এ কারণে আরও কঠোর শাস্তির বিধান কার্যকর করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন অথবা জেলা পর্যায়ের উচ্চতর আদালতকে বিচারের ক্ষমতা দেওয়ার প্রয়োজন হতে পারে বলে মনে করেন শফিকুল ইসলাম।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)