নিজস্ব প্রতিবেদক
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার সবক প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার সবক প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার আদ-দ্বীন মেডিকেল কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজনে প্রতিষ্ঠানটির যশোর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ডা. মীম আতিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ডিরেক্টর ও খুলনা জোনাল ইনচার্জ আ.খ.ম মাসুম বিল্লাহ, ডিরেক্টর এম এম রবিউল ইসলাম, তুহা ট্রাভেলসের চেয়ারম্যান ও বাংলাদেশ মুফাসসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী, আদ-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সঞ্জয় সাহা, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষক ও বিচারক এবং খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেয মাও: ক্বারী মুস্তাকিম বিল্লাহ এবং যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীন।
বক্তারা শিক্ষার্থীদের কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, কুরআন-সুন্নাহর আলোয় আলোকিত করে সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবক ও শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে হিফযের সবক প্রদানের পাশাপাশি বার্ষিক বিভিন্ন প্রতিযোগিতা ও শিক্ষা কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মোট ১৪টি সেশনে (৭টি শুভেচ্ছা ও ৭টি মেরিট) শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত ১৩ জন শিক্ষার্থীকে (৫ম শ্রেণির ১১ জন ও ৮ম শ্রেণির ২ জন) বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে ১৯৪টি শুভেচ্ছা এবং ১৮১টি মেরিট পুরস্কার বিতরণ করা হয়।
বার্ষিক প্রতিযোগিতার অংশ হিসেবে সাংস্কৃতিক বিভাগে কোরআন তেলাওয়াত, আযান, ইসলামী সংগীত, ছড়া, ক্যালিগ্রাফী, কিরাত ও বাংলা বক্তৃতা এবং ক্রীড়া বিভাগে ব্যাঙ লাফ, দৌড়, বেলুন সংগ্রহ, ঝুড়িতে বল নিক্ষেপ, চকলেট দৌড়, ইন-আউট, স্ট্যাম্প থ্রোয়িং, বস্তা দৌড়, ক্রিকেট টুর্নামেন্ট ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।