নিজস্ব প্রতিবেদক
যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে মহান সিরাতুন্নবী (সাঃ) উদযাপন, বিভিন্ন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে মহান সিরাতুন্নবী (সাঃ) উদযাপন, বিভিন্ন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) সকালে প্রতিষ্ঠানের নিজস্ব হলরুমে এ আয়োজন করা হয়।
ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান জি. এম. আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিয়ার রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের নির্বাহী সচিব গাউসুল আজম এবং সমাপনী বক্তব্য উপস্থাপন করেন অধ্যক্ষ সারাফাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিয়ার রহমান মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শ ও অনুশাসন দৈনন্দিন জীবনে প্রতিফলিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “৫৭০ খ্রিস্টাব্দে মহানবী (সাঃ) জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি মা-বাবাকে হারালেও তাঁর অনন্য আচার-আচরণ ও চরিত্রে সবাই মুগ্ধ হতো। নবুওয়াত প্রাপ্তির পূর্বেই মক্কাবাসী তাঁকে ‘আল-আমীন’ বা পরম বিশ্বস্ত উপাধিতে ভূষিত করেছিল।”
শিক্ষা অফিসার ওয়ালিয়ার রহমান আরও বলেন, “যুদ্ধের ময়দানেও মহানবী (সাঃ)-এর ধৈর্য ও মহানুভবতা ছিল অতুলনীয়। তাঁর আদর্শের মূল শিক্ষাই হলো ক্ষমা ও ধৈর্য। শত্রুভাবাপন্ন ব্যক্তিদেরও তিনি অবলীলায় ক্ষমা করেছেন, যা দেখে অনুপ্রাণিত হয়ে অনেকে ইসলাম গ্রহণ করেছেন।” অভিভাবকদের উদ্দেশ্যে তিনি যোগ করেন, “পরিবারকে ধৈর্যের মাধ্যমে একটি সুখী আবাসস্থল হিসেবে গড়ে তুলতে হবে। তবেই আমরা সন্তানদের সঠিক ধৈর্যের শিক্ষা দিয়ে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।”
আলোচনা সভা শেষে সিরাত বিষয়সহ আয়োজিত অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ী ৪২ জন শিক্ষার্থী এবং শ্রেষ্ঠ ৬ জন শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।