নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরের আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির উদ্যোগে মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) শহরের রেড টাউন রেস্টুরেন্ট মিলনায়তনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে হাফেজ মোঃ আব্দুস সামী পবিত্র কুরআন তেলাওয়াত করেন। এরপর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একক ও কোরাস গান, প্রাঞ্জল বক্তৃতা, আবৃত্তি এবং মনোগ্রাহী নাট্য অভিনয় পরিবেশন করে। কোমলমতি শিক্ষার্থীদের এই সৃষ্টিশীল পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে আয়োজিত সংবর্ধনা পর্বে অতিথিবৃন্দ মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদান করে পুরস্কৃত করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোহরাব হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির উপদেষ্টা ও অভিভাবক রেজাউল করিম, যশোর দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ফারুক হোসেন, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা আবু বকর ছিদ্দিক, প্রতিষ্ঠানের পরিচালক মুজাহিদুল ইসলাম এবং শায়েখ সাইফুল্লাহ বিন কোরবান।
অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিলেন দক্ষিণবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান। তিনি একাডেমির শিক্ষার্থীদের সাথে নিয়ে মন মাতানো সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেন। পাশাপাশি যশোরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘তরঙ্গ’-এর শিল্পীগোষ্ঠীর পরিবেশনা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও বর্ণিল করে তোলে।
সাংস্কৃতিক পর্ব শেষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সমাপনী বক্তব্য প্রদান করেন সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও আল মাহা একাডেমির উপদেষ্টা ড. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির চেয়ারম্যান মাওলানা মাহ্দী হাসান উপস্থিত সকল শিক্ষার্থী, অভিভাবক, অতিথি, শিক্ষক-শিক্ষিকা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।