সাইফুল ইসলাম
যশোর সদর উপজেলার বারীনগর (সাতমাইল) এলাকায় অবস্থিত এই বিদ্যালয়ের প্রাঙ্গণে আজ বসেছিল এক বর্ণিল মেলা— 'মৌসুমি ফল উৎসব'। ছবি: ধ্রুব নিউজ
আম, জাম, কাঁঠাল আর লিচুর সৌরভে ম ম করছে চারদিক । ইট-পাথরের এই যান্ত্রিক সময়ে নতুন প্রজন্মের অনেক শিশুর কাছেই এখন দেশীয় ফল যেন কেবলই বইয়ের পাতার ছবি। কিন্তু সেই চেনা ছবিকেই যদি জীবন্ত করে তোলা যায় কোমলমতি শিক্ষার্থীদের সামনে? ঠিক এই ব্যতিক্রমী উদ্যোগটিই নিয়েছে যশোরের 'সানরাইজ মডেল একাডেমি'।
যশোর সদর উপজেলার বারীনগর (সাতমাইল) এলাকায় অবস্থিত এই বিদ্যালয়ের প্রাঙ্গণে আজ বসেছিল এক বর্ণিল মেলা— 'মৌসুমি ফল উৎসব'।
উৎসবের দিন সকালে বিদ্যালয়ে প্রবেশ করতেই চোখ জুড়িয়ে যায়। চারদিকে উৎসবমুখর পরিবেশ। সারিবদ্ধ টেবিলে সাজানো রয়েছে লাল টকটকে লিচু, হলদেটে পাকা আম, রসে টইটম্বুর জামরুল, আনারস, আর জাতীয় ফল কাঁঠালসহ হরেক রকমের পুষ্টিকর ও সুস্বাদু দেশীয় ফল। চেনা ফলের পাশাপাশি অনেক অচেনা ও বিলুপ্তপ্রায় ফলের সাথেও পরিচিত হওয়ার সুযোগ পায় শিক্ষার্থীরা। শুধু প্রদর্শনই নয়, উৎসবের মূল আকর্ষণ ছিল সব শিক্ষার্থী ও অতিথিদের এই ফলগুলো দিয়ে আপ্যায়ন করা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দিনের সার্বিক পরিচালনায় এবং সহকারী প্রধান শিক্ষক মুফতি সাইফুল্লাহ বিন কোরবানের ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
ফল উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান কামরুল ইসলাম। তিনি তার বক্তব্যে এই আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন, "শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের ভেতর সীমাবদ্ধ রাখলে চলবে না। পড়াশোনার পাশাপাশি তাদের আমাদের দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং পুষ্টিগুণসম্পন্ন ফলমূলের সাথে পরিচয় করিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। এই ব্যতিক্রমী উদ্যোগ আমাদের সন্তানদের প্রকৃতির আরও কাছাকাছি নিয়ে যাবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন স্কুল পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মাওলানা ফেরদাউস হাসান জাকির। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।