বিশেষ প্রতিবেদক
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ৩৭তম চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন খুলনার সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুকী আজম মোহাম্মদ আব্দুস সালাম। ছবি: ধ্রুব নিউজ
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ৩৭তম চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন খুলনার সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুকী আজম মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বোর্ডের ৩৬তম চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগমের স্থলাভিষিক্ত হলেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি যশোর বোর্ডে আসেন এবং প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগমের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। পরে বোর্ডের অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত সভায় প্রতিষ্ঠানটির সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর সাথে পরিচিত ও মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে বোর্ডের কর্মকর্তা, কর্মচারী, অফিসার্স সমিতি, কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ৩৬তম চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম ২০২৫ সালের ২৬ জানুয়ারিতে যোগদান করেছিলেন।
এর আগে যশোর শিক্ষা বোর্ডে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান বোর্ড সচিব প্রফেসর এসএম মাহবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. কামরুজ্জামানসহ কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তার সাথে খুলনা, দৌলতপুর ও নোয়াপাড়াসহ বিভিন্ন এলাকার ৭টি মাইক্রোবাসে করে অর্ধশতাধিক কলেজ শিক্ষকের এক বিশাল বহর বোর্ডে এগিয়ে দিতে আসেন। বোর্ডের পক্ষ থেকে চেয়ারম্যানের জন্য নির্দিষ্ট গাড়ি নিয়ে সকালে তাকে খুলনা থেকে আনতে যান বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান।
জানা গেছে, প্রফেসর ফারুকী আজম অর্থনীতি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমএ শেষ করে ১৬তম বিসিএস-এ নিয়োগ পেয়ে ১৯৯৬ সালে ঝিনাইদহের হরিণাকুণ্ডু সরকারি কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন। সাতক্ষীরার আশাশুনি এলাকার মানুষ ফারুকী আজম আশাশুনি স্কুল থেকে এসএসসির পর দৌলতপুরের হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে ভর্তি হন। প্রসঙ্গত, যশোর শিক্ষা বোর্ডের ৩১তম চেয়ারম্যান থেকে ৩৭তম চেয়ারম্যান সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।