নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) কলেজের ১৯টি বিভাগে পৃথকভাবে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রায় তিন হাজার নবাগত শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয় সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষক ও কর্তৃপক্ষ।
সকাল থেকেই কলেজের পাঁচটি একাডেমিক ভবনে ছিল উৎসবমুখর পরিবেশ। নবাগত শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, একাডেমিক নিয়ম-কানুন, সহশিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এ. শফিকুল ইসলাম। নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, "উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে নবাগত শিক্ষার্থীরা একদিন দক্ষ মানবসম্পদে পরিণত হবে। তোমরাই ভবিষ্যতে দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নেবে। তবে ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পরীক্ষার আগে প্রস্তুতি নিয়ে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব নয়।"
তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. রফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
এদিকে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ক্যাম্পাসে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও লিফলেট বিতরণ করেছে ছাত্র সংগঠনগুলো।
জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কলেজ শাখার সাবেক আহ্বায়ক শেখ হাসান ইমাম এবং কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু। এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে নবীনদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আড়ম্বরপূর্ণ আয়োজনে নবাগত শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নতুন শিক্ষাজীবনের শুরুতে কলেজ পরিবারের পক্ষ থেকে এমন উষ্ণ ও আন্তরিক অভ্যর্থনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও।