নিজস্ব প্রতিবেদক
আজ রোববার (৭ জুন) সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৭ জুন) সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।
ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবলিং—এই চার ক্যাটাগরিতে জেলার বিভিন্ন উপজেলার বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীরা জেলা পর্যায়ের এই চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। দিনব্যাপী চলা এই প্রতিযোগিতার সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অঃ দাঃ) জি.এম. আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও জেলা শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। এই ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়েই আগামী দিনের যোগ্য নাগরিক ও নেতৃত্ব গড়ে উঠবে।
এবারের প্রতিযোগিতায় বালক ও বালিকা উভয় বিভাগে সমসংখ্যক ইভেন্টের আয়োজন করা হয়। মোট ৪২টি ইভেন্টের মধ্যে বালক বিভাগে ২১টি এবং বালিকা বিভাগে ২১টি ইভেন্ট ছিল। জেলার ৮টি উপজেলার ক্ষুদে শিক্ষার্থীরা ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিনং প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের মেধার স্বাক্ষর রাখে।প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি ও সভাপতি মেডেল, সনদপত্র এবং ট্রফি তুলে দেন।