নিজস্ব প্রতিবেদক
যশোরে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ছবি: ধ্রুব নিউজ
যশোর জেলায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনারে জেলার পূর্ণাঙ্গ অর্থনৈতিক মানচিত্রতুলে ধরেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ রফিকুল হাসান।
অনুষ্ঠানে বক্তরা বলেন, জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান গুলোকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো এবং কুটির শিল্প এই শ্রেণিতে বিন্যাস করা অর্থনৈতিক শুমারির অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে অর্থনৈতিক প্রতিষ্ঠান গুলোর মালিকানা ও কাঠামো, লিগ্যাল স্ট্যাটাস, কর্মকান্ডের ধরন, উৎপাদিত পণ্য বা সেবার ধরন এবং কর্ম সংস্থানের অবস্থাসহ বিভিন্ন মৌলিক তথ্য সংগ্রহ করা হয়। স্বাধীনতার পর থেকে দেশে এখনপর্যন্ত মোট চারটি অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছে, সর্বশেষ ২০২৪ সালে চতুর্থ অর্থনৈতিক শুমারি করা হয়।
শুমারির তথ্য বিশ্লেষণে দেখা যায়, জেলায় ছড়িয়ে থাকা ২ লাখ ৫৭ হাজার ৩৩২টি অর্থনৈতিক ইউনিটের মধ্যে ১ লাখ ৮১ হাজার ৯৯৩টি ইউনিট গ্রামে এবং ৭৫ হাজার ৩৩৯টি ইউনিট শহরে অবস্থিত।
প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী, যশোর জেলায় স্থায়ী প্রতিষ্ঠানের সংখ্যা ১৩লাখ ৯হাজার ৬৪৯টি ও অস্থায়ী প্রতিষ্ঠানের সংখ্যা ১০হাজার ৭৮টি। এছাড়া পারিবারিক বা অর্থনৈতিক কার্মকান্ড সম্পন্ন খানা রয়েছে ১ লাখ ৭ হাজার ৬০৫টি।
কর্মসংস্থানের চিত্রেও গ্রামের আধিপত্য স্পষ্ট। যশোর জেলার এসব অর্থনৈতিক ইউনিটে ৫লাখ ৪২ হাজার ৪৭২ জন নিয়োজিত রয়েছেন। এর মধ্যে ৫৮ দশমিক ৫৫ শতাংশ অর্থাৎ ৩ লাখ ১৭ হাজার ৬২২ জনই কর্মরত রয়েছে গ্রামীণ এলাকায়। শহর এলাকায় কর্মরত আছেন ২ লাখ ২৪ হাজার ৮৫০ জন, যা মোট কর্মরত জন বলের ৪১ দশমিক ৪৫ শতাংশ।
উক্ত সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহারিয়ার হক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রতিনিধি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা ।