Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রখ্যাত গয়নাশিল্পী পাওলো বুলগারি আর নেই

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৭:০৪ পিএম
প্রখ্যাত গয়নাশিল্পী পাওলো বুলগারি আর নেই

ছবি: সংগৃহীত

১৯৮৪ সাল থেকে বুলগারি গ্রুপের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন পাওলো। তার প্রতিষ্ঠানের তৈরি গয়না পরেছেন হলিউড তারকা থেকে শুরু করে বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যরা, তাদের অন্যতম ওয়েলসের প্রয়াত প্রিন্সেস ডায়ানা

ইতালির প্রখ্যাত গয়নাশিল্পী ও জুয়েলারি ব্যবসায়ী পাওলো বুলগারি মারা গেছেন। রোমে ৮৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক ব্যবসাকে বিশ্বজুড়ে বিলাসবহুল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। খবর বিবিসি।

১৯৮৪ সাল থেকে বুলগারি গ্রুপের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন পাওলো। তার প্রতিষ্ঠানের তৈরি গয়না পরেছেন হলিউড তারকা থেকে শুরু করে বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যরা, তাদের অন্যতম ওয়েলসের প্রয়াত প্রিন্সেস ডায়ানা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে পাওলো-কে ‘প্রকৃত সৃজনশীল সত্তা’ হিসেবে উল্লেখ করে বুলগারি গ্রুপ জানায়, তার কাজ ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।

পাওলোর দাদা সোতিরিওস ভোলগারিস ছিলেন রৌপ্যের কাজে দক্ষ। এ গ্রিক কারুশিল্পী ঊনিশ শতকের শেষ দিকে রোমে বুলগারি প্রতিষ্ঠা করেন। মূল ইতালীয় উচ্চারণের সঙ্গে মিলিয়ে নিজের নামের বানান পরিবর্তন করে বুলগারি করেন তিনি।

গ্রিসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এপিরুস অঞ্চলের পাহাড়ি গ্রাম প্যারামিথিয়া ছিল ভোলগারিসের আদি নিবাস। গ্রামটি রৌপ্যের গয়না তৈরির জন্য পরিচিত ছিল। উসমানীয় শাসন থেকে পালিয়ে প্রথমে নেপলসে আশ্রয় নেন তিনি। পরে রোমে এসে একটি দোকান খোলেন।

পড়াশোনা শেষ করার কিছুদিন পরই পারিবারিক ব্যবসায় যোগ দেন পাওলো বুলগারি। রত্নপাথর সম্পর্কে বিশেষজ্ঞ হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে ব্যবসার নেতৃত্ব গ্রহণ করেন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠানটির সম্প্রসারণ তদারক করেন।

প্যারিসের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোর সূক্ষ্ম ও কোমল নকশার বিপরীতে বুলগারি পরিবার গয়নায় ব্যবহার করত উজ্জ্বল রঙের রত্নপাথর, গাঢ় হলুদ স্বর্ণ, বড় আকারের নকশা এবং অপ্রচলিত রঙের সমন্বয়। এ বৈশিষ্ট্যই প্রতিষ্ঠানটিকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দেয়।

ধীরে ধীরে বিলাসবহুল পণ্যের বাজারে জায়গা করে নেয় বুলগারি। গয়নার পাশাপাশি ঘড়ি, সুগন্ধি, চামড়ার পণ্য ও হোটেল ব্যবসায়ও সম্প্রসারিত হয় প্রতিষ্ঠানটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া শোকবার্তায় বুলগারি গ্রুপ জানায়, ১৯৬০ সালে বাবার সঙ্গে কাজ শুরু করেন পাওলো। মূল্যবান রত্নপাথর সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের পাশাপাশি বুলগারি ব্র্যান্ডের নকশার নিজস্ব বৈশিষ্ট্য ও নান্দনিকতা বিকাশে ভূমিকা রাখেন তিনি। রত্নপাথর বিষয়ে তিনি ছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ।

প্রতিষ্ঠানটি আরো জানায়, নিজের কাজের পাশাপাশি তরুণ নকশাবিদদের প্রতিভা বিকাশেও আন্তরিকভাবে কাজ করেছেন পাওলো। গয়নার জগতে তার অবদান ছিল অসামান্য।

পাওলো বুলগারির একটি বক্তব্যও শোকবার্তায় তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। তিনি বলেছিলেন, ‘যেকোনো কিছুই অনুপ্রেরণার উৎস হতে পারে। সৃজনশীলতার কোনো নিয়ম নেই। কখনোই নয়।’

বুলগারির ক্রেতাদের তালিকায় রয়েছেন এলিজাবেথ টেলর, অড্রে হেপবার্ন, মেরিলিন মনরো, ইনগ্রিড বার্গম্যান, সোফিয়া লরেন, অ্যান হ্যাথাওয়ে, জেনডায়া ও রিয়ানার মতো তারকারা।

২০১১ সালে বুলগারি পরিবার ফরাসি বিলাসপণ্য প্রতিষ্ঠান এলভিএমএইচের কাছে তাদের নিয়ন্ত্রণকারী অংশীদারত্ব বিক্রি করে দেয়। এ চুক্তির মূল্য ছিল প্রায় ৩৭০ কোটি ইউরো।

এলভিএমএইচের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেহনা আহনো এক বিবৃতিতে বলেন, পাওলো বুলগারি সারা জীবন ব্র্যান্ডটির সাফল্যের অন্যতম প্রধান রূপকার ছিলেন। একইসঙ্গে জুয়েলারিতে ইতালীয় চেতনা ও রোমের সমৃদ্ধ ঐতিহ্য ধরে রেখেছিলেন।

২০১৯ সালে পাওলো বুলগারি ও তার স্ত্রী মিলে পাওলো বুলগারি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। রোমের প্রান্তিক এলাকাগুলোর সুবিধাবঞ্চিত তরুণদের শিক্ষার সুযোগ ও কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ দিতে কাজ করে প্রতিষ্ঠানটি।

রোমের বাসিলিকা অব সান্তা ক্রোচে ইন জেরুজালেম গির্জায় আজ তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)