নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
যশোরে রিকশাচালকের মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার শহরতলীর বাহাদুরপুর পার্কের অদূরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রিকশাচালক নাজির শংকরপুর প্রাইমারি স্কুল এলাকার মাসুদ রানার ছেলে তাছিম কোতয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে রিকশাচালক তাছিম শহরের বড়বাজার এলাকা থেকে যাত্রী নিয়ে বাহাদুরপুর পার্কের সামনের রাস্তা দিয়ে কিছুদূর যান। যাত্রী নামিয়ে দিয়ে ফেরার পথে বাহাদুরপুর পার্ক এলাকা পার হওয়ার পর নীল রঙের ডিসকভার মোটরসাইকেলে আসা দুইজন ছিনতাইকারী তার গতিরোধ করে। শহরের দিকে যাওয়ার কথা বলে তারা রিকশাচালক তাছিমকে পাশের একটি গলির মধ্যে নিয়ে যায়। এরপর তারা চাকুর ভয় দেখিয়ে তাছিমের কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা মূল্যের ১টি মোবাইল ফোনসেট ও নগদ সাড়ে ৩শ টাকা ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা তাকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী তাছিম কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।