চৌগাছা (যশোর) প্রতিনিধি
আহত নারীকে হাসপাতালে নেওয়া হয় ছবি: ধ্রুব নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পরদিনই যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে মারমারি হয়েছে। দাঁড়িপাল্লায় ভোট দেয়ায় ৪ জামায়াত সমর্থককে মারধর করা হয়েছে বলে আহতরা জানিয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচনে জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান করাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি সমর্থকদের সঙ্গে জামায়াত কর্মীদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময় থেকে শুরু হওয়া এই বিবাদ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটাসহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে জামায়াত সমর্থিত কর্মী মতিয়ার রহমান (৪২), কর্মী রকিব আলী (২৫), কর্মী মন্টু মণ্ডল (৪০) এবং গৃহবধূ (মতিয়ার রহমানের স্ত্রী) সহ অন্তত চারজন আহত হন। আহতদের মধ্যে দুইজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার সংবাদ পাওয়া মাত্রই সীমান্তরক্ষী বাহিনী আন্দুলিয়া বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (সদর হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ওই এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।