নিজস্ব প্রতিবেদক
বিজিরি অভিযানে উদ্ধারকৃত মালামাল ও আটক সোহেল ছবি: ধ্রুব নিউজ
যশোরের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় ১৬ পিস ইয়াবা, ৬২টি শাড়ি, ৩টি কম্বল, ১১ প্যাকেট ফুচকা, ১৮টি ওষুধ এবং ২৯০টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।
আটককৃত ব্যক্তির নাম মো. সোহেল। সে শার্শা উপজেলার কাশিপুর শেখপাড়া গ্রামের আইয়ুব খানের ছেলে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীন কাশিপুর ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ধ্রুব/টিএম