নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলায় পারিবারিক কলহের জেরে মেয়ের নোড়ার আঘাতে সাহানা বেগম (৬১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকার ভৈরব সেতু-সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সাহানা বেগম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা এবং জহুরুল ইসলামের স্ত্রী। তিনি অভয়নগরের একটি জুটমিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান জানান, পারিবারিক বিরোধের একপর্যায়ে সাহানা বেগমের মেয়ে শিরিনা খাতুন শিলপাটার নোড়া দিয়ে তার মাথা ও মুখে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে শিরিনা খাতুনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।