নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল রঙের সিএইচআর (CHR) প্রাইভেটকার জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ১২টা ৩০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম যশোর কোতোয়ালী মডেল থানার পালবাড়ী মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় ক্যান্টনমেন্ট এলাকা থেকে আসা একটি লাল রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে গাড়ির চালক মনিরুজ্জামান (৩৫) গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যমতে গাড়ির সামনের দুই সিটের মাঝের টুলবক্স থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।
পরবর্তীতে আটক মনিরুজ্জামানের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ রাত ২টা ১৫ মিনিটে সদর উপজেলার দেয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. এরশাদ আলী (৪০)-কে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—চৌগাছা উপজেলার আফরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (৩৫) এবং সদর উপজেলার দেয়াপাড়া কাজীপাড়া গ্রামের মৃত মীর ইসলাম আলীর ছেলে মো. এরশাদ আলী (৪০)।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার আটক দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।