বেনাপোল প্রতিনিধি
আটক আলী রেজা রাজু ছবি: ধ্রুব নিউজ
বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যশোরের শার্শায় আলী রেজা রাজু (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন।
আটক আলী রেজা রাজু শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রায় এক বছর আগে ঘটকের মাধ্যমে রাজু ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন। চার মাসের মধ্যে বিয়ে করবেন—এমন আশ্বাস দেওয়ার পর তাদের মধ্যে নিয়মিত মুঠোফোনে যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগে বলা হয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে রাজু ওই তরুণীর বাড়িতে গিয়ে তার শয়নকক্ষে প্রবেশ করেন। সেখানে বিয়ের আশ্বাসে গড়ে ওঠা সম্পর্কের সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার পর তরুণী বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। পরে তরুণী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা অভিযুক্ত ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিয়ের উদ্যোগ নেন। তবে রাজু বিয়ে করতে অস্বীকৃতি জানান।
ভুক্তভোগীর পরিবার জানায়, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। পরে পারিবারিক সিদ্ধান্তে শার্শা থানায় মামলা দায়ের করা হয়। মামলায় কয়েকজনকে সাক্ষী করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামিকে ইতিমধ্যে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।