নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
তালাকের তথ্য গোপন রেখে সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার অভিযোগে করা ধর্ষণ মামলায় তাওসিকুল ইসলাম তানিম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তানিম যশোর শহরতলির কিসমত নওয়াপাড়া এলাকার মৃত ওয়াহিদুল বিশ্বাসের ছেলে। সোমবার রাতে পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১৮ সালের ২৩ নভেম্বর তানিমের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে সাড়ে চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই তানিম বিভিন্ন নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন তার স্ত্রী। এসবের প্রতিবাদ করলে তাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।
গত ২০ এপ্রিলের পর থেকে তানিম প্রায়ই রাতে বাড়ির বাইরে থাকতেন। তবে মাঝেমধ্যে বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন। সর্বশেষ গত ৩ মে রাতেও তিনি বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরদিন ৪ মে তানিম হঠাৎ তার স্ত্রীকে জানান যে, তিনি তাকে তালাক দিয়েছেন। এসময় স্ত্রীর হাতে তালাকের একটি কপি ধরিয়ে দেওয়া হয়, যাতে দেখা যায় গত ২৬ এপ্রিলই তালাক কার্যকর করা হয়েছে।
এরপর তানিম তার স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করেন। ভুক্তভোগী নারীর অভিযোগ, তানিম তালাকের বিষয়টি গোপন রেখে গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত তাকে একাধিকবার ধর্ষণ করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী আদালতে মামলা করলে আদালতের আদেশে বিষয়টি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। মঙ্গলবার পুলিশ অভিযুক্ত তানিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।