নিজস্ব প্রতিবেদক
একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজাসহ রবিউল ইসলাম আটক ছবি: ধ্রুব নিউজ
যশোরে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজাসহ রবিউল ইসলাম নামে এক যুবদল নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার শহরতলির বিরামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রবিউল ইসলাম ওই এলাকার ইসলামের ছেলে এবং সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ দল বিরামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক চলাফেরার কারণে রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক রবিউলের কাছ থেকে অবৈধ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। এই অস্ত্রটি কোথা থেকে আনা হয়েছে এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ অপরাধচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রবিউলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে এই আটকের বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা জানান, পুরো বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন এবং খোঁজখবর নিচ্ছেন। তিনি স্পষ্ট করে বলেন, কোনো ধরনের অপরাধী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে যুবদল কখনোই প্রশ্রয় দেবে না। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে দ্রুত কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।