নিজস্ব প্রতিবেদক
যশোরের আলোচিত সন্ত্রাসী অভিরাজ শেখ ফিরোজ ওরফে গোল্ডেন ফিরোজকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে শহরের বেজপাড়া আনসার ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক গোল্ডেন ফিরোজ শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আলী আজীবর শেখের ছেলে।
যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ আবু হাসান জানান, গোল্ডেন ফিরোজ একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। কোতোয়ালি মডেল থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই সন্ত্রাসীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ডিবি পুলিশের একটি চৌকস দল বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
ডিবি পুলিশ সূত্রে জানানো হয়েছে, আটক গোল্ডেন ফিরোজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। তার সহযোগীদের ব্যাপারেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।