ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের কীর্তিপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের কীর্তিপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেল ৪টায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোছা. রনী খাতুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— কীর্তিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আরমান হোসেন (২১) এবং একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে মেহেদী হাসান (২২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে ১০০ টাকা জরিমানা এবং ১১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘খ’ শাখার উপ-পরিদর্শক ব্রজেন্দ্রনাথ গাইনের নেতৃত্বে পরিচালিত একটি অভিযানে তাদের আটক করা হয়েছিল। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক বিচার শেষে এই দণ্ডাদেশ প্রদান করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।