Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় চাঁদা না পেয়ে প্রবাসীকে কুপিয়ে জখম

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:৩২ পিএম
ঝিকরগাছায় চাঁদা না পেয়ে প্রবাসীকে কুপিয়ে জখম

আহত ইমানুর ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছায় বিদেশফেরত এক যুবকের কাছে দাবিকৃত চাঁদা না পেয়ে তাকে প্রকাশ্যে কুপিয়ে নৃশংসভাবে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) রাতে উপজেলার সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী প্রবাসী ইমানুর (৩৪) মারাত্মকভাবে আহত হয়েছেন। আহত যুবক ওই গ্রামের বাসিন্দা আব্দুস সোবহানের ছেলে।

আহত ইমানুরের ভাষ্যমতে, সম্প্রতি তিনি বিদেশ থেকে দেশে ফেরার পর একটি স্থানীয় চক্র তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। বুধবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে তিনি চন্দ্রপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সালামের বাড়ির সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। এসময় অভিযুক্ত সবুজ (৩৩), অভিযুক্ত সুমন (৩২) ও অভিযুক্ত শামিম (৩৩)সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।

হামলার রেশ ধরে ওই রাতে মির্জাপুর গ্রামের কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ক্ষতিগ্রস্ত গৃহকর্তা শওকত হোসেন অভিযোগ করেন, হামলাকারীরা তার বাড়িতে ঢুকে আসবাবপত্র ও ঘরবাড়ি তছনছ করেছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তরা আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে তারা বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ইমানুরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্বপন দাস জানান, আহতের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যদিও এখনো লিখিত অভিযোগ মেলেনি, তবে অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ শুরু হয়েছে।

এদিকে আজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুনার রশিদ এবং সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হকসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)