নিজস্ব প্রতিবেদক
তুচ্ছ বিরোধ রাজনৈতিক প্রতিহিংসার চিত্র ছবি: ভিডিও থেকে নেয়া
যশোরের অভয়নগরে পারিবারিক কবরস্থানের জমির মালিকানা নিয়ে সৃষ্ট তুচ্ছ বিরোধ রাজনৈতিক প্রতিহিংসায় রূপ নিয়েছে। এর জেরে বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে সংঘটিত এই সহিংসতায় উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হওয়ার দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার মূল সূত্রপাত বুধবার। পারিবারিক কবরস্থানের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপি সমর্থক আশিক ও জামায়াত সমর্থক সাত্তারের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে সাত্তার আহত হলে বিষয়টি ব্যক্তিগত পর্যায় থেকে রাজনৈতিক রূপ নিতে শুরু করে।
এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন জামায়াতের সভাপতি শের আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভাটপাড়া বাজার এলাকায় পৌঁছালে সেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা রণক্ষেত্রে পরিণত হয়।
জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, বুধবার রাতে পাইকপাড়া আমেনিয়া জামে মসজিদ এলাকায় গামছা পরিহিত একদল দুর্বৃত্ত তাদের এক কর্মীর ওপর অতর্কিত হামলা চালিয়ে হাত-পা ভেঙে দেয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে ভাটপাড়া বাজার মসজিদে আসরের নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে বের হওয়া মাত্রই বিএনপি নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে জামায়াত-শিবির নেতাকর্মীসহ অন্তত ২৪-২৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, বিএনপি নেতাকর্মীরা জমি সংক্রান্ত বিরোধের দায় স্বীকার করলেও হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, জামায়াতের মিছিল থেকেই উসকানিমূলক স্লোগান দিয়ে পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে।
কবরস্থানের জমি নিয়ে ব্যক্তিগত এই বিরোধকে কেন্দ্র করে বর্তমানে বাঘুটিয়া ইউনিয়নে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভাটপাড়া বাজার ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন।