নিজস্ব প্রতিবেদক
নরেন্দ্রপুরে একটি অবৈধ ও ভেজাল দস্তা সার কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ছবি: ধ্রুব নিউজ
যশোর যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরে একটি অবৈধ ও ভেজাল দস্তা সার কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এই অভিযানে ভেজাল সার তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে কারখানা মালিক খন্দকার ইকরামুজ্জামান পালিয়ে গেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে নরেন্দ্রপুর গ্রামের খন্দকার পাড়ায় কারখানা মালিক খন্দকার ইকরামুজ্জামানের বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন। এসময় উপজেলা কৃষি অফিসার ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, ইকরামুজ্জামান দীর্ঘদিন ধরে তার বাড়িতে অবৈধভাবে নামি-দামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে ভেজাল দস্তা সার তৈরি করে আসছিলেন। অভিযানে তার বাড়ি থেকে সার তৈরির ডাইজেস্টার মেশিন, একটি মোটর, একটি সিলিং মেশিন, একটি বেলচা, ‘গ্রোয়িং’ লেখা এক বস্তা খালি প্যাকেট, ৪ বস্তা ক্যালসিয়াম কার্বনেট (চুন), ১০০ কেজি খোলা কাঁচামাল এবং ৩ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
জব্দকৃত এসব সরঞ্জাম ও মালামাল পরবর্তী ব্যবস্থার জন্য উপজেলা কৃষি অফিসারের জিম্মায় রাখা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন জানান, পালিয়ে যাওয়া অভিযুক্ত খন্দকার ইকরামুজ্জামানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে।