নিজস্ব প্রতিবেদক
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শুকুর আলী ও জামাল বিশ্বাস ছবি: ধ্রুব নিউজ
হেরোইন রাখার দায়ে বেনাপোলের দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৬) বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা) আদালতের বিচারক এসএম নূরুল ইসলাম এক রায়ে এই সাজা ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো— শার্শার ঘিবা গ্রামের ইয়াকুব আলী সরদারের ছেলে শুকুর আলী এবং একই গ্রামের মৃত নইমুদ্দিন বিশ্বাসের ছেলে জামাল বিশ্বাস। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত দুজনই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। পরে তাদের কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান পলাশ।
২০১৭ সালের ১৩ মে শার্শা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা বাজারস্থ যাত্রী ছাউনির সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাল বিশ্বাস ব্যাগ ফেলে পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পড়ে শুকুর আলী। পরে শুকুর আলীর ব্যাগ তল্লাশি করে ৩০০ গ্রাম এবং জামাল বিশ্বাসের ফেলে যাওয়া ব্যাগ থেকে ২০০ গ্রাম— মোট ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এই ঘটনায় এসআই মুরাদ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই সুজাত আলী। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আজ এই রায় দেন।
আদালত আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০০০ টাকা করে জরিমানা করেছেন। অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।