নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আলাদা অভিযানে ১শ' সাড়ে ২৭ লিটার রেক্টিফাইড স্পিরিট, ১৮ পিস ইয়াবা ও সাড়ে ৮শ' গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) কোতোয়ালি ও কেশবপুর উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালত দুজনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে শহরের পূর্ব বারান্দী নাথপাড়ায় মতিয়ার রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় মতিয়ার কে আটক ও তার কাছ থেকে ৩৭৫ বোতল রেক্টিফাইড স্পিরিট, যার পরিমাণ ৩৭ দশমিক ৫ লিটার এবং আরও ৯০ লিটার খোলা রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছেন। মতিয়ার রহমান পূর্ব বারান্দী নাথপাড়ার মৃত শহীদুল ইসলামের ছেলে।
এর আগে দুপুর ১২টার দিকে কেশবপুর উপজেলার চিংড়া এলাকায় অভিযান চালিয়ে সাজেদা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক ও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পালিয়ে যায় তার স্বামী জসো মোড়ল। এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে কেশবপুর থানায় দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছেন।
অন্যদিকে, বিকেল সাড়ে ৩টার দিকে শহরতলের তরফ নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মনিরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক ও ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে অধিদপ্তরের উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজোদিয়া ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন করেন। আদালত আসামি মনিরুল ইসলামকে ২০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একই এলাকায় বিকেল ৪টায় আলাদা অভিযানে আজিজুল ইসলাম (৩৭) নামে আরেক ব্যক্তির কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায়ও উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওমীদ হাসান ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। রাযে বিচারক রায়ে তাকে ২০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।
মনিরুল ইসলাম ও আজিজুল ইসলাম তরফ নওয়াপাড়া এলাকার মৃত মোশারফ মোড়ল ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।