❒ সরগম সংগীত একাডেমির বর্ণাঢ্য শোভাযাত্রা
ধ্রুব নিউজ
বেনাপোল সরগম সংগীত একাডেমি এবং আলোকিত নারী ও সৃজন শিখা'র বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা । ছবি: ধ্রুব নিউজ
বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে বেনাপোলে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বেনাপোল হাই স্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় শোভাযাত্রাটি হয়ে ওঠে দৃষ্টিনন্দন। এতে বাঙালির চিরায়ত সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের নানা চিত্র তুলে ধরা হয়।
এ সময় শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। ছোটদের আঁকায় ফুটে ওঠে নববর্ষের আনন্দ, প্রকৃতি ও গ্রামীণ জীবনের চিত্র।
শোভাযাত্রা শেষে পরিবেশন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী খাবার—পান্তা ভাত, আলুভর্তা, বেগুনভর্তা ও মাছ ভাজি। এতে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বেনাপোল সরগম সংগীত একাডেমি এবং আলোকিত নারী ও সৃজন শিখা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোস্তাফিজ জোহা সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলী, বেনাপোল পৌর যুবদলের সদস্যসচিব রাহানুজ্জামান দিপু, আলোকিত নারীর যুগ্ম সম্পাদক সাংবাদিক আজিজুর রহমান, সাংবাদিক আরশাফ আলী ও সৃজন শিখার সভাপতি জয়সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরাই তাদের লক্ষ্য। এতে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে দিনের প্রথমার্ধ হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।
ধ্রুব/এস.আই