অভয়নগর (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
অভয়নগর, যশোর: আধুনিক ও টেকসই কৃষি প্রসারের লক্ষে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফিতা কেটে তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য কৃষিকে আধুনিক ও লাভজনক করা। এই মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন, যা উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
উপজেলা কৃষি অফিসার শেখ তৈয়েবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ টেকসই প্রকল্পের প্রকল্প অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, কৃষিবিদ কামরুল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স। মেলার মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে একটি বর্ণাঢ্য র্যালি শংকরপাশা স্কুল মাঠের চারপাশ প্রদক্ষিণ করে। র্যালি শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত আধুনিক কৃষি যন্ত্রপাতির কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, সদস্য গাজী আবুল হোসেন, আশরাফুল আলম, রনজিত মল্লিকসহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য যে, তিন দিনব্যাপী এই মেলায় উপজেলার বিভিন্ন এলাকার নার্সারি মালিক ও কৃষি উদ্যোক্তারা তাদের উৎপাদিত ফসল ও নতুন প্রযুক্তির প্রদর্শনী করছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।