নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের মালখানা থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা চালিয়ে হাতেনাতে ধরা পড়া তুহিন শেখকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৭ অক্টোবর) অপরাধ স্বীকার করার পর দ্রুত বিচার প্রক্রিয়ায় যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত তুহিন শেখ বাগেরহাটের মোংলা থানার চিলা গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে। তিনি বর্তমানে যশোর শহরের নূরপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি গার্ডের সামনে মালখানায় গচ্ছিত একটি পুরোনো লাল রঙের রানার-৫০ সিসি মোটরসাইকেল চুরির চেষ্টা চালান তুহিন। বিষয়টি টের পেয়ে সেখানে দায়িত্বরত ট্রেজারি গার্ডের পুলিশ সদস্যরা মোটরসাইকেলসহ তাকে হাতেনাতে ধরে ফেলেন।
পরবর্তীতে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামি ও জব্দকৃত মোটরসাইকেল নিজেদের হেফাজতে নেয়। চুরির ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদনসহ তুহিনকে সরাসরি সংক্ষিপ্ত বিচারিক আদালতে (সামারি ট্রায়াল) হাজির করা হলে তিনি বিচারকের কাছে নিজের দোষ স্বীকার করেন।
আসামির স্বীকারোক্তি ও নথিপত্র পর্যালোচনা করে বিচারক তুহিন শেখকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। রায় ঘোষণার পর সাজ পরোয়ানা মূলে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।