নিজস্ব প্রতিবেদক
জমি বিক্রির ক্ষেত্রে লাখপ্রতি ১০ হাজার টাকা কমিশন দাবির অভিযোগে যশোর অভয়নগরের পাঁচ নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) যশোর শহরের পূর্ব বারান্দিপাড়ার হাবিবুল্লাহ সরদারের ছেলে সালাউদ্দীন বাদী হয়ে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।
আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী খালেদ হাসান।
মামলার আসামিরা হলেন— অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল মোল্যা (৩৫), বনগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি মতিউর রহমান সুজা (৫০), সাধারণ সম্পাদক আহাদ আলী (৪৮), বনগ্রাম ওয়ার্ড যুবদলের সভাপতি কাদের মোল্যা (৫৫) ও সাধারণ সম্পাদক আসাদ (৪৮)।
মামলার আরজিতে বাদী সালাউদ্দীন উল্লেখ করেন, অভয়নগর থানার প্রেমবাগ মৌজায় তার পিতার ক্রয়সূত্রে ৪২ শতাংশ জমি রয়েছে। পাশাপাশি হেবা দলিলের মাধ্যমে বাদী নিজেও ওই মৌজায় সম্পত্তির মালিক। কয়েক মাস ধরে ওই জমি বিক্রির জন্য আলোচনা চলছিল। এ সময় আসামিরা জমি বিক্রি করতে হলে প্রতি লাখে ১০ হাজার টাকা করে কমিশন দাবি করেন। কমিশন দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তার ওপর ক্ষিপ্ত হন।
এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর সকালে সালাউদ্দীন সাক্ষীদের নিয়ে প্রেমবাগের বনগ্রামে গেলে আসামিরা তাকে প্রকাশ্যে গালিগালাজ, মারধরের চেষ্টা এবং পরিবারসহ হত্যার হুমকি দেন। এ ছাড়া কমিশন না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ভীতিও দেখানো হয়। পরবর্তীকালে স্থানীয় লোকজন জড়ো হলে আসামিরা স্থান ত্যাগ করেন।
আরজিতে আরও বলা হয়, বর্তমানে বাদী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করতে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।