নিজস্ব প্রতিবেদক
ফেনসিডিল বহনের দায়ে যশোরের শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেল শেখকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সুধাংশু শেখর রায় এক রায়ে এ সাজা প্রদান করেন।
সজাপ্রাপ্ত সোহেল শেখ চাঁচড়া রায়পাড়া এলাকার চন্নু শেখের ছেলে।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১২ সালের ২১ এপ্রিল বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন দুপুরে যশোর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। এ সময় ট্রেনের যাত্রী সোহেল শেখ প্ল্যাটফর্মে নামলে তার গতিবিধি দেখে রেলওয়ে পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাৎক্ষণিক তাকে আটক করে এবং তাঁর হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ ঘটনায় রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোবিন্দ কুমার মন্ডল বাদী হয়ে সোহেল শেখকে আসামি করে খুলনা জিআরপি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামি সোহেল শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত সোহেল শেখ বর্তমানে যশোর কারাগারে আটক রয়েছেন।