নিজস্ব প্রতিবেদক
৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্বামী রাহিদ আহমেদের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন এক ব্যাংক কর্মকর্তা স্ত্রী। আজ রোববার শহরের আরএন রোডের শেখ মুনছুর আলীর মেয়ে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক খাজুরা শাখার প্রিন্সিপাল অফিসার লাইলা ইয়াসমিন বাদী হয়ে এই মামলা করেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।
মামলার আসামি রাহিদ আহমেদ শহরের ঘোপ সেন্ট্রাল রোডের রফিক আহমেদের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ৬ নভেম্বর পারিবারিকভাবে রাহিদ আহমেদের সাথে লায়লা ইয়াসমিনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে জান্নাতুল ফেরদৌস নামে একটি কন্যাসন্তান রয়েছে। বাদী উল্লেখ করেন, তার স্বামী বর্তমানে বেকার। বিয়ের পর থেকে বিভিন্ন সময় রাহিদ যৌতুকের জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বাধ্য হয়ে তিনি এ পর্যন্ত স্বামীকে ২২ লাখ টাকা দিয়েছেন। এমনকি তিনি তার স্বামীকে মোটরসাইকেলের তেলের টাকা ও হাত খরচও দিতেন।
এরপরও রাহিদ আরও ৫০ লাখ টাকা যৌতুকের দাবি করায় তিনি সন্তানসহ বাবার বাড়িতে চলে যান। গত ৩ জুন রাহিদ আরএন রোডে বাদীর বাবার বাড়িতে গিয়ে পুনরায় ওই ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ সময় লাইলা ইয়াসমিন ও তার বাবা যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে রাহিদ তাকে তালাক দেওয়ার এবং আবার বিয়ে করার হুমকি দিয়ে চলে যান। এ অবস্থায় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।