নিজস্ব প্রতিবেদক
আটক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ছবি: ধ্রুব নিউজ
মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বহুল আলোচিত মশিয়ার রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শালিখা থানার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে বরিশাল নৌ পুলিশ থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তারা সেখানেই কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার আসামিদের মাগুরার শালিখা আমলি আদালতে সোপর্দ করা হলে বিচারক বর্ণালী রানী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুজ্জামান এজাহারের বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানকে বাড়ি থেকে তুলে নিয়ে যান তৎকালীন ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেন। পরে তাকে গুলি করে হত্যা করা হয়। সে সময় এই হত্যাকাণ্ডকে ‘ক্রসফায়ার’ হিসেবে চালিয়ে দিতে শালিখা থানায় একটি বিভ্রান্তিকর মামলাও করা হয়েছিল।
পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, ওই বছরের ১ অক্টোবর নিহত বিএনপি নেতা মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে শালিখা থানার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে বিষয়টি শালিখা থানায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত হয়।
তদন্তকারী কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিদের কাছ থেকে হত্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সাবেক ওসি বিপ্লব কুমার নাথ যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের জামাতা।