ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
টানা তিন ম্যাচে হারের পর মনোবল ভেঙে যাওয়াটাই স্বাভাবিক! কিন্তু খাদের কিনারা থেকেও যে বিজয়ের হাসি হাসতে জানে বাংলাদেশ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) মঞ্চে তেমনই এক ঘটনার জন্ম দিল লাল সবুজের দল।
রবিবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নাটকীয় ম্যাচে ভারত চ্যাম্পিয়নসকে ৩ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে মাহমুদউল্লাহ রিয়াদ নেতৃত্বাধীন দল। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রানের বেশি করতে পারেনি ভারত।
টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০ রানে ইমরুল কায়েস ফিরে গেলেও অপর প্রান্তে ঝড়ো ইনিংস খেলেন রনি তালুকদার। ২৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪০ রান করেন তিনি।
রনির বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ। ফজলে মাহমুদ ৩, জহুরুল ইসলাম ৬ ও অধিনায়ক মাহমুদউল্লাহ মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। মিডল অর্ডারে সেই চাপ সামাল দেন নাসির হোসেন ও আরাফাত সানি। নাসির ২১ বলে ২৪ এবং সানি ৩৮ বলে ৩৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। শেষ দিকে আবু জায়েদের ১০ রানের ওপর ভর করে ১৪১ রানের পুঁজি পায় বাংলাদেশ।
১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। আম্বাতি রায়ডু ৩, অধিনায়ক যুবরাজ সিং ০ এবং রবিন উথাপ্পা ১৫ রান করে বিদায় নেন। দলীয় ৫৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ভারত।
এরপর ইরফান পাঠান ৪১ বলে ২৪ রান করে ইনিংস মেরামতের চেষ্টা চালান। ছয় নম্বরে নেমে ঋষি ধাওয়ান ১৮ বলে ২৪ রান করে দলকে লড়াইয়ে ফেরান। শেষ দিকে পবন নেগির ১৪ বলে ২৬ এবং পীযূষ চাওলার ১৮ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংসে জয়ের আশাও জেগেছিল। তবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ৩ রান দূরেই থেমে যায় ভারতের ইনিংস।
বাংলাদেশের বোলারদের মধ্যে এনামুল হক জুনিয়র সর্বোচ্চ ৪ উইকেন নেন। এছাড়া আবু জায়েদ ৪ ওভারে ২৬ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।