ক্রীড়া প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন যশোর জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সমাপনী দিনে প্রতিযোগিতার সকল ইভেন্টের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। জিলা স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ও জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক মাহফুজুল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা পারভীন, উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দীন প্রমুখ।
হ্যান্ডবল (বালক)-এ জিলা স্কুল চ্যাম্পিয়ন ও চৌগাছার জেএইচডি মাধ্যমিক বিদ্যালয় রানারআপ, হ্যান্ডবল (বালিকা)-য় গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।