ক্রীড়া ডেস্ক
ডারউইনের মারারা স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশ যেন এখন বিশাল এক প্রতিপক্ষ। অবিশ্বাস্যভাবে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ সাহসিকতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের বোলাররা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৩ ওভারে ১৯৮ রানে থামিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। হাসান একাই নিয়েছেন ৬ উইকেট। ২টি করে নেন তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।
এবাদত হোসেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারের ভয়ঙ্কর জুটিটা ভাঙার পর অস্ট্রেলিয়ানদের স্বস্তিতে থাকতে দেননি তাসকিন আহমেদ। সাত নম্বরে ব্যাট করতে নামা বিউ ওয়েবস্টারকে সরাসরি বোল্ড করে দেন বাংলাদেশের এই অভিজ্ঞ পেসার। যার ফলে ১৫২ রানেই সাজঘরে ফিরে যান অস্ট্রেলিয়ার ৬ষ্ঠ ব্যাটার।
তানজিদ হাসান তামিম যদি স্টিভেন স্মিথের ক্যাচটা তালুবন্দী করতে পারতেন, তাহলে সত্যি সত্যি অস্ট্রেলিয়াকে অনেক বড় বিপদে ফেলে দিতে পারতো বাংলাদেশ। সেই স্মিথই এখন টেনে নিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়াকে। যদিও অ্যালেক্স ক্যারেকে নিয়ে যে ভয়ঙ্কর জুটিটা গড়েছিলেন তিনি, সেটা ভেঙে দেন এবাদত হোসেন। ফিরিয়ে দেন ক্যারেকে।
শুরুতে হাসান মাহমুদ, এরপর এবাদত হোসেন এবং সর্বশেষ অস্ট্রেলিয়ান ব্যাটারদের দুঃস্বপ্ন হয়ে হাজির হলেন আরেক পেসার তাসকিন আহমেদ। এই তিন পেসার মারারা স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম সেশনেই তুলে নেয় অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ৪টি উইকেট।
২২তম ওভারের শেষ বলে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেট পড়ার পরই লাঞ্চ বিরতির ঘোষণা দেন আম্পায়াররা। অর্থ্যাৎ অস্ট্রেলিয়ার মত দলের এবং তাদেরই মাঠে প্রথম সেশনে ৪ উইকেট নিয়ে স্পষ্টত এগিয়ে ছিল বাংলাদেশ। এই দারুণ অনুভূতি নিয়েই লাঞ্চ বিরতিতে যায় নাজমুল হোসেন শান্তর দল।